স্থানীয় ও আঞ্চলিক খবর

রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল নকল কীটনাশক, অভিযানে ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক : মুসা মিয়া,✔
চাঁপাইনবাবগঞ্জ • ১৮ আগস্ট ২০২৬, সকাল ৮:৭
Advertisement
নকল কীটনাশক

নকল কীটনাশক

Advertisement
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরির সময় মো. সদের আলী (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় দোকান মালিক সদের আলীকে গ্রেপ্তার করা হয়। পরে দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়।
এছাড়া দোকানসংলগ্ন একটি গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি জব্দ করা হয়। দোকানের স্টক রেজিস্টার যাচাই করে প্রকৃত মজুদের সঙ্গে রেজিস্টারে উল্লেখ করা মজুদের ব্যাপক পার্থক্য পাওয়া যায়। একই সঙ্গে পর্যাপ্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টার প্রদর্শনেও ব্যর্থ হন ব্যবসায়ী।
উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তাকে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, কৃষি বিভাগের সহায়তায় মেসার্স সদের ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় নকল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার সময় দোকান মালিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে নকল কীটনাশক তৈরির উপকরণ ও বিপুল পরিমাণ সার জব্দ করা হয়েছে।
জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথভাবে বিলিবন্দেজের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
#নকল কীটনাশক#চাঁপাইনবাবগঞ্জ#Bangladesh Top news#Bangladesh Updated News#Breaking news#annidaahnews
Rating
★★★★★
(5.0)