আন্তর্জাতিক খবর

গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য শহীদ হয়েছেন, দাবি ইসমাইল হানিয়ার ছেলের

লেখক : আহমাদ মাবরুর✔
ঢাকা • ২ আগস্ট ২০২৬, রাত ১০:৮
Advertisement
বর্তমানে গাজা

বর্তমানে গাজা

Advertisement
ইসরায়েলের সঙ্গে যুদ্ধে, গাজা উপত্যকায় পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনের বেশি সদস্য শহীদ হয়েছেন বলে দাবি করেছেন হামাস রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান শহীদ ইসমাইল হানিয়ার ছেলে আবদুল সালাম হানিয়া। একইসঙ্গে, বৃহত্তর আল-হাজ্জ গোত্রের প্রায় ২৫০ সদস্য শহীদ হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বাবার দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবদুল সালাম এসব কথা বলেন। বাড়ির দেয়ালে ঝোলানো একটি বড় পারিবারিক ছবির সামনে দাঁড়িয়ে আবদুল সালাম যুদ্ধের নিহত স্বজনদের দেখান। তিনি বলেন, ছবিতে থাকা অনেকেই ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন। তিনি জানান, ২০২৪ সালের ১০ এপ্রিল, পবিত্র রমজান শেষে, মুসলিমদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতরের প্রথম দিনে ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়ার তিন ছেলে: মোহাম্মদ, হাজেম ও আমির এবং তার কয়েকজন নাতি শহীদ হন।

বাবা ইসমাইল হানিয়াকে একজন অভিভাবক, শিক্ষক, নেতা ও বন্ধুর সমন্বিত রূপ হিসেবে বর্ণনা করেছেন আবদুল সালাম। তিনি বলেন, 'বাড়িতে আমার বাবা ছিলেন শিক্ষক, পরামর্শদাতা, নেতা, স্নেহশীল বাবা এবং ঘনিষ্ঠ বন্ধু।' তার দাবি, ইসমাইল হানিয়া সন্তানদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেন, তাদের মতামত জানতে চাইতেন এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন।

বাবাকে স্মরণ করে আবদুল সালাম বলেন, 'আমরা তার সুন্দর কণ্ঠ, উষ্ণ উপস্থিতি, তার সঙ্গে কাটানো সময় এবং বাড়িতে একসঙ্গে কোরআন তেলাওয়াতের আসরগুলোকে খুব মিস করি।' ইসমাইল হানিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন না হওয়া, এমনটাই জানিয়েছেন তার ছেলে।

আবদুল সালাম বলেন, 'তিনি সবসময় আমাদের মানুষের মধ্যে থাকতে, মানুষের জন্য কাজ করতে এবং পরিবার, প্রতিবেশী ও মসজিদের কাছাকাছি থাকতে বলতেন। কারণ মানুষের কল্যাণই জীবনের সবচেয়ে বড় সম্পদ।' তিনি জানান, বাবা সন্তানদের বিনয়ী থাকতে, পারিবারিক সম্পর্ক বজায় রাখতে, সমাজের মানুষের পাশে দাঁড়াতে, নামাজ ও কোরআন তেলাওয়াত অব্যাহত রাখতে এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার শিক্ষা দিয়েছেন। ইসমাইল হানিয়া হত্যার দুই বছর পরও ফিলিস্তিনি জনগণের জীবনে তার প্রভাব রয়েছে বলে দাবি করেছেন আবদুল সালাম। তার ভাষ্য, রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমে তার বাবাকে স্মরণ করা হচ্ছে এবং তার উত্তরাধিকার ফিলিস্তিনি আন্দোলনের অংশ হয়ে আছে।

আল্লাহ তাআলা শহীদ ইসমাইল হানিয়াসহ ফিলিস্তিনের সকল শহীদকে কবুল করুন। আল আকসাসহ গোটা ফিলিস্তিনকে জায়নবাদী আগ্রাসন থেকে মুক্ত করুন। আমিন।

তথ্যসূত্র: Jamuna Television
Advertisement
#গাজা#মুসলিম#ইসলাম#শহীদ
Rating
★★★★★
(5.0)