দৈনন্দিন জীবন ও ট্রেন্ড

ট্রাকের গায়ে কিংবা ধুলোয় পড়ে থাকা পাথরই যাদের জীবিকার অবলম্বন

লেখক : মুসা মিয়া✔
চাঁপাই নবাবগঞ্জ • ১৯ আগস্ট ২০২৬, রাত ৩:৩০
Advertisement
শাহিদা

শাহিদা

Advertisement
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ভারী হয়ে ওঠে বন্দরের ব্যস্ততা। একের পর এক পণ্যবাহী ট্রাক ঢুকছে বাংলাদেশে। পাথরবোঝাই ট্রাকের সংখ্যাই যেন বেশি। ইঞ্জিনের গর্জন, হর্নের শব্দ আর উড়তে থাকা ধুলোর ভেতর দিয়ে ট্রাক-
গুলো ছুটে যাচ্ছে পানামা পোর্টের দিকে। কিন্তু চেকপোস্ট পেরিয়ে পানামা পোর্টে ঢোকার আগেই বদলে যায় দৃশ্যপট। ট্রাকগুলো চলে যাওয়ার পর সড়কের পাশে ছুটে আসেন কয়েকজন নারী। কারও হাতে ডালি, কারও হাতে টিনের গামলা। চোখ তাদের মাটিতে কোথায় পড়ে আছে একটি পাথর, কোথায় ট্রাকের গায়ে আটকে আছে আরেকটি একটি পাথর। তারপর আরেকটি। এভাবেই ধীরে ধীরে ভরে ওঠে তাদের পাত্র।
অন্যের ট্রাকের গায়ে লেগে থাকা কিংবা পথের ধুলোয় পড়ে থাকা এই পাথরই তাদের কাছে জীবিকার উপকরণ। দিনের শেষে এসব পাথর বিক্রি করে যে টাকা আসে, তা দিয়েই চলে সংসার।

পাথর কুড়িয়ে জীবন সংসার:

শাহিদা বেগম। সোনামসজিদ স্থলবন্দর এলাকার জিরো পয়েন্টের বাসিন্দা। প্রায় ১৫ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বেঁচে থাকার তাগিদে শুরু করেন পাথর কুড়ানোর কাজ। সকাল ১০টার দিকে বন্দরে ট্রাক আসা শুরু করলেই শাহিদার কর্মদিবসও শুরু হয়। ট্রাকের বডি, বাংকার কিংবা বিভিন্ন অংশে আটকে থাকা পাথর সংগ্রহ করেন। ট্রাক চলার সময় বা যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা পাথরও কুড়িয়ে নেন। সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এভাবেই চলে তার দিন।
কাজ শেষে শরীর ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু ক্লান্তির চেয়েও বড় চিন্তা আজকের সংগ্রহে সংসারের কতটা চলবে?

পাঁচ বছর ধরে একই লড়াই ঠুনিয়ারার
শাহিদা একা নন। প্রায় পাঁচ বছর ধরে একই কাজ করছেন ঠুনিয়ারা বেগমও।
তার হাতেও ডালি, চোখেও একই অপেক্ষা কখন একটি ট্রাক চলে যাব।আর তার ফেলে যাওয়া পাথরের মধ্যে পাওয়া যাবে সংসারের জন্য কিছু আয়।
সপ্তাহজুড়ে পাথর কুড়িয়ে এক ট্রলি হলে তা বাজারভেদে বিক্রি হয় প্রায় দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। এই আয়ই তাদের সংসারের অন্যতম কিংবা একমাত্র ভরসা।
হিসাব করলে সপ্তাহের আয় খুব বেশি নয়। কিন্তু তাদের জীবনে এই সামান্য টাকাটিই অনেক বড়। কারণ এই টাকা দিয়ে চাল কিনতে হয়, সংসার চালাতে হয়, সন্তান কিংবা পরিবারের প্রয়োজন মেটাতে হয়।

সহজ মনে হলেও কাজটি ঝুঁকিপূর্ণ
দূর থেকে দেখলে রাস্তা থেকে পাথর কুড়িয়ে নেওয়াকে খুব সাধারণ কাজ মনে হতে পারে। কিন্তু এর আড়ালে রয়েছে ঝুঁকি।যে সড়কে তারা পাথর কুড়ান, সেই সড়ক দিয়েই প্রতিনিয়ত ছুটে চলে ভারী পণ্যবাহী ট্রাক। কখনো ট্রাকের একেবারে পাশ দিয়ে, কখনো ট্রাক চলে যাওয়ার পর দ্রুত রাস্তার দিকে ছুটে যেতে হয় তাদের। একটু অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
তার ওপর সারাদিন পাথরের ধুলো। মাটি আর যানবাহনের ধোঁয়া। দীর্ঘ সময় ধুলাবালির মধ্যে কাজ করতে গিয়ে মাঝেমধ্যেই শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় পড়েন তারা। তবুও থেমে থাকার সুযোগ নেই।

এই কাজ না করলে খাব কী? শাহিদা ও ঠুনিয়ারাদের কাছে প্রশ্নটা খুব সরল কাজটি ভালো কি না, সেটি বড় কথা নয়; এই কাজ ছাড়া তাদের হাতে আর কী আছে?তাদের কথায়, কাজটি কষ্টের, ঝুঁকির। ধুলো-বালিতে অসুস্থও হতে হয়। তারপরও এই কাজ করতেই হয়। কারণ এটিই তাদের আয়ের একমাত্র পথ।

চারটা ডাল-ভাতের জন্যই এই কাজ করছি
শাহিদার কথায় সেই বাস্তবতারই প্রতিধ্বনি। এই একটি বাক্যের মধ্যে যেন বন্দরের হাজারো ট্রাকের শব্দের চেয়েও বড় একটি গল্প লুকিয়ে আছে।
কোটি টাকার বাণিজ্যের পাশে কয়েক হাজার টাকার জীবন। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রতিদিন অসংখ্য পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করে। বড় বাণিজ্যের সেই কর্মযজ্ঞের পাশে দাঁড়িয়ে থাকা শাহিদা, ঠুনিয়ারাদের জীবনযাত্রার হিসাব কিন্তু খুব ছোট।

তাদের অর্থনীতি এক ট্রলি পাথর:

সপ্তাহের পর সপ্তাহ তারা কুড়িয়ে নেন অন্যের ট্রাক থেকে ঝরে পড়া পাথর। সেই পাথর বিক্রি করে পাওয়া দুই থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে তারা জোড়া লাগান নিজেদের সংসার।
বন্দরের বড় অর্থনীতির খাতায় হয়তো তাদের নাম নেই। তাদের শ্রমের হিসাবও হয়তো কোথাও লেখা থাকে না।
কিন্তু প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধুলোমাখা সড়কে পড়ে থাকা প্রতিটি পাথর সাক্ষী হয়ে থাকে তাদের শ্রমের। ট্রাক আসে, ট্রাক যায়। বন্দরের ব্যস্ততা থামে না। আর রাস্তার পাশে ডালি হাতে অপেক্ষা করেন শাহিদা, ঠুনিয়ারারা।
Advertisement
#দুর্নীতি#চাঁপাই নবাবগঞ্জ#Bangladesh top news#বাংলাদেশনিউজ#আজকেরখবর#Bangladesh breaking news#Bangladesh updated news#ANN Channel#annidaahnews
Rating
★★★★★
(5.0)